জেলা প্রশাসনের সমন্বয় সভা
নারায়ণগঞ্জ জেলার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য জেলা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলার বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা, খাল-নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধভাবে ময়লা-আবর্জনা অপসারণ, শিল্প ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে জেলার সার্বিক পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

