ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত অনুমানিক তিনটার সময় অজ্ঞাতনামা ২ জন দুস্কৃতকারী মোটরসাইকেলযোগে এসে জুলাই স্মৃতি স্তম্ভের উত্তর পাশে জুলাই শহীদ দিবস উপলক্ষে সাদা কাপড় দিয়ে ডেকোরেশন করা বাউন্ডারীর বাইরে থেকে একটা কাপড়ের টুকরোর মধ্যে কেরোসিন মিশিয়ে তাতে আগুন লাগিয়ে স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করে। এসময় আগুনের গোলাটি স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে পড়ে এবং আগুন জ্বলতে থাকে। তাৎক্ষণিকভাবে অফিসার ও ফোর্স দেখতে পেয়ে আগুন বালতি ভর্তি পানি দিয়ে নিভিয়ে ফেলে। এতে জুলাই স্মৃতিস্তম্ভের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি জেনেছি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

