মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

|

ভাদ্র ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রিকশা-মিশুকসহ অযান্ত্রিক যানবাহনের ৬ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪১, ১৮ আগস্ট ২০২৬

রিকশা-মিশুকসহ অযান্ত্রিক যানবাহনের ৬ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ নগরীতে চলাচলকারী বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নবায়নের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। নির্ধারিত সময়ের পর নগরীতে কোনো অবৈধ রিকশা, মিশুক, ভ্যান বা ঠেলাগাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ নগরীর সকল বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির মালিককে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ যানবাহনের লাইসেন্স নবায়ন করতে হবে। এ জন্য নির্ধারিত আবেদন ফর্ম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে নগর ভবন এবং সিটি করপোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

সিটি করপোরেশন জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে নারায়ণগঞ্জ নগরীতে অবৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সবিহীন এসব যানবাহন চলাচল করতে দেখা গেলে জরিমানা করার পাশাপাশি ডাম্পিং করা হবে।

এছাড়া অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।