শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৫ আগস্ট ঘিরে নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ১৪ আগস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ

ফাইল ছবি

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানোরও প্রস্তুতি রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের কর্মসূচি, মিছিল, জমায়েত কিংবা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতেও মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১৫ আগস্টকে কেন্দ্র করে থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অতিরিক্ত টহলসহ বাড়তি চেকপোস্ট বসানোর ব্যবস্থা রেখেছি। ১৪ তারিখ রাত থেকে আমাদের নিরবচ্ছিন্ন টহল থাকবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে পুলিশ সজাগ রয়েছে। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও গতিবিধির ওপর নজরদারি রাখা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট রাত থেকেই নারায়ণগঞ্জ সদরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা ও জনসমাগমস্থলে নজরদারি জোরদার থাকবে।

এদিকে ১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে গোয়েন্দা তথ্য সংগ্রহেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে উত্তেজনা সৃষ্টি করা না যায়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

সব মিলিয়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে ১৪ আগস্ট রাত থেকে নারায়ণগঞ্জে বাড়তি সতর্কতা বজায় রাখছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি থাকবে বলে জানিয়েছে পুলিশ।