এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, এই সরকারের ভাল মন্দ আমরা সকলে সমান ভাবে উপভোগ করবো। সরকার ভাল থাকলে আমরা ভাল থাকবো। আমরা ভাল থাকলে সরকার ভাল থাকবে। আপনাদের আন্তরিকতা সহযোগিতা দরকার।
রোববার (১৬ আগষ্ট) বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় মৎস পক্ষ ২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ যেগুলোকে জিওল মাছ বলতাম সেটা এখন আর নেই। মৎস খাত জেলেদের হাতে ছিল। এখন নতুন করে মাছ চাষ হচ্ছে। দেশ যেহেতু ছোট, আমাদের জলাশয় কমে যাচ্ছে। কৃষিকাজে যে রাসায়নিক ব্যবহার হয় সেটা বর্ষাকালে জলাশয়ে চলে যায়। এটা একটা বড় সমস্যা।
আমাদের পোনা মাছ ছিল আগে৷ এখন জাটকা ধরা নিয়ন্ত্রণ করতে বছরের একটা সিজনে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখা হয়৷ এর পরিবর্তে সরকার জেলেদের ক্ষতিপূরণ দেয়, যদিও সেটা যথেষ্ট নয়। এটা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
বাজারে সরবরাহ ঠিক না থাকলে চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধি পাবেই। আমাদের উৎপাদন করতে হবে। এর দুটো দিক। একটি হল আমাদের চাহিদ পূরণ আরেকটি হল জাতীয় আয়ে ভূমিকা রাখা। আমাদের ইলিশ ও চিংড়ি কিন্তু রপ্তানি করা হয়। আমাদের সময় অনেক মাছ ছিল যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি মৎস্য চাষীদের বলবো কিছু দেশীয় মাছও যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা নিদর্শন হিসেবে থাকবে। মলাই মাছ চোখের জন্য অনেক ভাল। ছোট মাছের মধ্যেই তো পুষ্টি বেশি থাকে৷ কিন্তু আমাদের আজকের জেনারেশনের ছেলে মেয়েরা ছোট মাছ পছন্দ করে না। তারা মাছ খেতে চায় কিন্তু ফ্রাই খেতে চায়। আগে দাদী নানিরা যেভাবে রান্না করতো সেটা এখন খাওয়া হয় না।

