ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গংদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৬ মার্চ উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেদিন বিকেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পরদিন দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি ঘরের কয়েকটি টিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আকস্মিক এ হামলায় তার পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশকে জানানো হলে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হাবিবুল্লা। তিনি বলেন,“আমরা এখন চরম আতঙ্কে আছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

