ফাইল ছবি
বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার লাল মিয়ার ছেলে জামাল (৪১) ও বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মাহামুদ আলী মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫০)। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৮ মার্চ) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৮(৩)২৬ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ রাত ৩টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুরস্থ হান্ডুর ব্রীজের সামনে ডাকাতি প্রস্তুতি কালে বন্দর থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আলিম মৃধার ছেলে ডাকাত দলের সদস্য ইমরান মৃধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় কৌশলে পালিয়ে যায় ডাকাত দলের সদস্য আলামিন ও সাব্বিরসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন ডাকাত।

