ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে পশ্চিম তল্লা এলাকা থেকে আটক করে।
আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। সে ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটির পরিবার এবং অভিযুক্ত আনোয়ার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতো। শিশুটির বাবা-মা দুজনেই পোশাক কারখানায় (গার্মেন্টসে) চাকরি করেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে তারা প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান। এরপর সকাল ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার অজুহাতে আনোয়ার শিশুটির কক্ষে প্রবেশ করে এবং তাকে একা পেয়ে ধর্ষণ করে।
শিশুটির মা জানান, ঈদের ছুটির কারণে বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া গ্রামের বাড়ি চলে যাওয়ায় পুরো বাড়িটি প্রায় ফাঁকা ছিল। এই সুযোগেই আনোয়ার তার মেয়ের ওপর এই পাশবিক নির্যাতন চালায়। রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর শিশুটি তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

