ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লেজার্স আবাসিক এলাকায় এক গৃহবধূকে হত্যাচেষ্টা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত আসামি আক্তার হোসেন (৪৫) বন্দর উপজেলার আমবাগান এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আক্তার হোসেনকে ভুক্তভোগী মমতাজ আক্তারের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা চিনতে পারেন। গত ১৬ জুন সংঘটিত একটি হত্যাচেষ্টা ও ডাকাতির ঘটনার অভিযুক্ত হিসেবে তাকে শনাক্ত করে এলাকাবাসী আটক করে। পরে তাকে ভুক্তভোগীর বাড়ির ছাদে নিয়ে রাখা হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার (৫০) বন্দর উপজেলার লেজার্স আবাসিক এলাকার নিজ বাসায় একাই বসবাস করেন। তার ছেলে প্রবাসে এবং মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। প্রায় ১৫-১৬ বছর ধরে তার তিনতলা ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন বাড়ির প্রধান ফটক মেরামতের কথা বলে মমতাজ আক্তারের সঙ্গে যোগাযোগ করেন আক্তার হোসেন। পরে ১৬ জুন দুপুরে তিনি মেরামতের কথা বলে বাসায় প্রবেশ করেন।
একপর্যায়ে গৃহবধূ রান্নাঘরে গেলে তার পেছনে গিয়ে গলায় ছুরি ধরে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়। এরপর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, পরে ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, একটি স্মার্টফোন ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায় অভিযুক্ত। যাওয়ার সময় বিষয়টি পুলিশকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।
বন্দর ফাঁড়ির এএসআই তাপস জানান, অভিযুক্ত আক্তারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাগবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাকে বন্দর থানার হেফাজতে নেওয়া হয়েছে।

