প্রতীকী ছবি
দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে নারায়ণগঞ্জের অফিসপাড়া ও ব্যাংকগুলো। সকাল থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছুটির আমেজ কাটিয়ে কাজে ফেরায় কর্মস্থলগুলোতে দেখা গেছে ব্যস্ততা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয় অফিস কার্যক্রম।
প্রথম দিন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অনেক কর্মী অফিসে এসে পৌঁছান। বিভিন্ন প্রতিষ্ঠানে জমে থাকা ফাইল নিষ্পত্তি, নতুন কাজের পরিকল্পনা ও গ্রাহকসেবা দিতে কর্মীদের তৎপরতা ছিল লক্ষণীয়। বিশেষ করে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল বেশি। ছুটির কারণে আটকে থাকা লেনদেন সম্পন্ন করতে সকাল থেকেই ব্যাংকের কাউন্টারে দীর্ঘ সারি দেখা যায়।
ব্যাংক কর্মকর্তারা রাকিবুল ইসলাম জানান, ছুটির পর প্রথম কর্মদিবসে সাধারণত কাজের চাপ বেশি থাকে। জমে থাকা চেক ক্লিয়ারিং, টাকা উত্তোলন, জমা এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে বাড়তি সতর্কতা নিয়ে কাজ করছেন তারা। গ্রাহকদের দ্রুত সেবা দিতে কিছু কিছু শাখায় অতিরিক্ত ডেস্কও খোলা হয়েছে।
এছাড়াও বেসরকারি অফিসগুলোতেও কর্মীদের মধ্যে ছিল নতুন উদ্যম। অনেক প্রতিষ্ঠান ছুটির পর প্রথম দিনকে সামনে রেখে মিটিং আয়োজন করেছে। যেখানে আগামীর কাজের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও যানবাহনের চাপ ছিল স্বাভাবিক দিনের মতো। ছুটির সময়ের তুলনায় যানজট কিছুটা বেড়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
সাধারণ কর্মজীবীরা জানান ছুটির বিশ্রাম শেষে কাজে ফিরতে প্রথম দিন কিছুটা ক্লান্তি থাকলেও ধীরে ধীরে কাজের ছন্দে ফিরে আসছেন তারা। ছুটি শেষে নারায়ণগঞ্জের অফিস ও ব্যাংকগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

