শনিবার, ১৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুতুবপুরের জলাবদ্ধতা সমাধানের দাবিতে ইসলামী আ‌ন্দোল‌নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬

কুতুবপুরের জলাবদ্ধতা সমাধানের দাবিতে ইসলামী আ‌ন্দোল‌নের মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৪ আগস্ট) অ্যাডভান্সড গার্মেন্টস সংলগ্ন খানকা থেকে লালখা পর্যন্ত সড়কে এ কর্মসূচি পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি মুহাম্মদ আবুল বাশার।
মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার উন্নয়নকাজ বন্ধ থাকায় খানকা থেকে লালখা পর্যন্ত সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে যায়।
এতে এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কয়েকটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, অ্যাডভান্সড গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিককে প্রতিদিন পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
তারা বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং অপরিকল্পিতভাবে রাস্তা ও কালভার্ট নির্মাণের কারণে জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে। এ অবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ মো. আল আমিনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—খানকা থেকে লালখা পর্যন্ত সড়কের ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ, অপরিকল্পিত রাস্তা ও কালভার্ট নির্মাণ বন্ধ এবং অবিলম্বে জলাবদ্ধতা দূর করে জনদুর্ভোগের অবসান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আলমগীর হোসেন, ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সালাম গাজী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক হাজি আবদুর রাজ্জাকসহ এলাকার সাধারণ মানুষ।