শনিবার, ১৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিবু মার্কেট-পোস্ট অফিস সড়কে মাস না পেরোতেই ফাটল, দেবে গেছে বিভিন্ন অংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩০, ১৫ আগস্ট ২০২৬

শিবু মার্কেট-পোস্ট অফিস সড়কে মাস না পেরোতেই ফাটল, দেবে গেছে বিভিন্ন অংশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার এক মাস না যেতেই বিভিন্ন স্থানে ফাটল ও দেবে যাওয়ার অভিযোগ উঠেছে। 

গত ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করা হলেও এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশের এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নতুন সড়ক নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়া এবং কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিনের ভোগান্তির পর সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু মাস না ঘুরতেই সড়কের বিভিন্ন অংশে ত্রুটি দেখা দেয়ায় সেই স্বস্তি এখন ক্ষোভে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়ক নির্মাণের সময় কাজের মান নিয়ে নজরদারি আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল। বিশেষ করে নির্মাণকাজ চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন একাধিকবার সড়কটির কাজ পরিদর্শন করেছিলেন বলে স্থানীয়রা জানান। এরপরও সড়ক নির্মাণের এক মাসের মধ্যে ফাটল ও দেবে যাওয়ার ঘটনা কীভাবে ঘটল, সেটিই এখন তাদের প্রশ্ন।

স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, নতুন রাস্তা নিয়ে শুরুতে এলাকাবাসীর মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে সড়কে ফাটল দেখা দেয়ায় তারা হতাশ। তার মতে, নির্মাণকাজের সময় সঠিকভাবে তদারকি করা হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

শিবু মার্কেট এলাকার একটি বেসরকারি কলেজের শিক্ষক নাহিদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। নতুন রাস্তা দ্রুত নষ্ট হয়ে গেলে শুধু অর্থের অপচয়ই নয়, সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ তৈরি হবে।

সড়ক নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের মান, মাটির প্রস্তুতি, সড়কের ভিত্তি ও নির্মাণপ্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের মান যাচাই করেছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে সড়ক নির্মাণের সময় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকলেও কাজ শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ ও মান যাচাইয়ে একই ধরনের তৎপরতা দেখা যায় না। ফলে নিম্নমানের কাজ হয়ে থাকলে সেটি দ্রুত চিহ্নিত করা সম্ভব হয় না।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি৷ অনিয়ম হলে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।