মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আ.লীগের ১১ সদস্যসহ গ্রেপ্তার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আ.লীগের ১১ সদস্যসহ গ্রেপ্তার ৫৮

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, জুয়া আইনে ৪ জন, অন্যান্য আইনে ২১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্য রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার আসামিদেরও অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন চোর এবং অন্যান্য আইনে দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, একজন মাদকসেবী ও অন্যান্য আইনে সাতজনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন এবং জুয়া আইনে চারজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা এলাকায় মাদকসেবী পাঁচজন, অন্যান্য আইনে পাঁচজন, নিয়মিত মামলার তিন আসামি এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য ও নয়জন মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে চারজন মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।