মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে পৃথক বৈঠকে কমিটি দুটিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠকে ১০ সদস্যের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামকে। ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এদিকে গত ১০ সেপ্টেম্বর একই অধিবেশনের বৈঠকে গঠন করা হয় ১০ সদস্যের সরকারি প্রতিষ্ঠান কমিটি। এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও।
সংসদীয় কার্যক্রমে মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির সঙ্গে সংশ্লিষ্ট এ দুটি কমিটিতে দায়িত্ব পাওয়ায় সংসদে রূপগঞ্জের প্রতিনিধিত্বের পরিধি আরও বিস্তৃত হলো।

