প্রধানমন্ত্রীর গাড়িবহর
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করে।
এসময় প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। কোথাও কোথাও গাড়ি ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে বরণ করে নেওয়া হয়।
এদিকে তারেক রহমানের নারায়ণগঞ্জের উপর দিয়ে এই যাত্রাকে ঘিরে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদরা জড়ো হন। দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে তারা সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে এই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের উচ্ছ্বাস, শুভেচ্ছা আর ফুলেল অভ্যর্থনায় সড়কের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

