বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে জিয়া হলে হামলা, জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ১ অক্টোবর ২০২৬

না.গঞ্জে জিয়া হলে হামলা, জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের প্রণকেন্দ্র চাষাঢ়ায় শহীদ জিয়া হলে জাইকার অর্থায়নে নির্মাণকাজ শুরুর জন্য সয়েলটেস্ট চলাকালীন সময়ে হামলা চালিয়েছে দুর্বিত্তরা। এ ঘটনায় ইমন নামে এক শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে জিয়া হলের সয়েল টেস্টের কাজ চলাকালীন সময়ে বেশ কয়েকজন এসে হুমকি ধমকি দিয়ে হামলা চালায়। তবে শ্রমিকেরা কাজ চালিয়ে যেতে থাকলে রাতে দ্বিতীয় দফায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় এক শ্রমিককে কুপিয়ে আহত করে তারা৷ এছাড়াও শ্রমিকদের সাথে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা হামলায় আহত শ্রমিকদের উদ্ধার করে শহরের খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আহত শ্রমিকদের খোঁজ খবর নিতে যান।

এসময় সাখাওয়াত বলেন, জিয়া হলের নির্মাণকাজের জন্য সয়েল টেস্ট হচ্ছে। সেই সয়েল টেস্টের সময় একটা গ্রুপ সেখানে আক্রমণ করেছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে রাত সাড়ে ৯ টার পরে। জিয়া হলে যারা কাজ করছিল সেই শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের পাঁচজনের মোবাইল নিয়ে গেছে এবং কুপিয়ে আহত করেছে। তাদের মালামাল নিয়ে গেছে। তাদের খুবই খারাপ অবস্থা। তারা এখন ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, আমরা পুলিশের কাছে আবেদন করবো দ্রুত যেন এই আসামিদের গ্রেপ্তার করা হয়। এই ছিনতাইকারীদের গ্রেপ্তার না করা হলে কাজটা সম্ভব হবে না। আমার মনে হয় ষড়যন্ত্র করে জিয়া হলের কাজটাকে বাধাগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে। আওয়ামী লীগের সময় যেভাবে এটাকে ভুতের বাড়িতে পরিনত করা হয়েছিল। একই ভাবে তার কেটে সে জায়গাটা বিদ্যুৎবিহীন করে দেয়া হয়েছে। সেখানে এখন খুবই খারাপ অবস্থা।

এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকু জানান, রাতে সাড়ে ৯ টায় শ্রমিকরা খাবার খেতে নিলে রাইফেলস ক্লাবের ভিতর দিয়ে জিয়া হলে প্রবেশ করে ছিনতাইকারীরা শ্রমিকদের উপর হামলা করে। এসময় হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ও টাকা লুটে নেয়। এসময় ইমন নামে এক শ্রমিক দুই ছিনতাইকারীকে ধরে ফেললে তাকে হাতে কোপ দেয়া হয়। তার এক হাতে ২৫ টা সেলাই ও আরেক হাতে ৫টা সেলাই লেগেছে।

খানপুর ৫শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আহতদের মধ্যে ইমন নামে একজনের দুই হাতে সেলাই দিতে হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, আহত শ্রমিকরা থানায় এসেছেন এবং মামলা করবেন। আমরা এ ব্যাপারে কাউকে ছাড় দেবোনা। হামলায় জড়িতদের সবাইকে ধরা হবে।