ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারিত ছিল। একই সঙ্গে মামলাটিতে আইভীর পুনজামিনের আবেদনও শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। এ কারণে আদালতে উপস্থিত হন মামলার এজাহারে ১১ নম্বর আসামি হিসেবে নাম থাকা সাবেক এই মেয়র। তার পক্ষে আইনজীবী আওলাদ হোসেন পুনজামিনের আবেদন জানালে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে শুনানির নির্ধারিত দিনে তারা পুনর্জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আবেদন মঞ্জুর করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। থানার মামলা নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

