সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, ইয়াবা-ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, ইয়াবা-ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সাতজন মাদক কারবারি, ৪৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার তিন আসামি, অন্যান্য মামলায় তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন। অভিযানে ইয়াবা, ফেয়ারডিল সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা এলাকায় মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০টি ইয়াবা বড়ি, ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও এক কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার হয়েছেন ১৬ জন।

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৩০টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৯ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা ২৫।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ দুই মাদকসেবী ও পরোয়ানাভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা এলাকায় চারজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি এবং অন্যান্য ধারায় তিনজনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ সাতজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুজনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।