মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
এদিকে, নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে কাজ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই। তবে তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কিশোরীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে লিংক রোডের পাশে ফেলে গেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তের অগ্রগতি হলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

