ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ভাঙ্গারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) মারাত্মকভাবে জখম হন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে ও নিহতের পরিবার জানায়, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামের কাছে একই এলাকার মৃত নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের ভাঙ্গারি ব্যবসার ২২ লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। দেনাদার সাদ্দাম টাকা না দিয়ে নানাভাবে তালবাহানা করে আসছিল।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাওনাদার নাদিমের মা মাকসুদা বেগম দেনাদার সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় সাদ্দাম এবং একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা ৫-৬ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মাকসুদা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে মাকসুদা বেগমের ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল ইসলাম তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

