সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলি ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলি ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার গ্রেপ্তার

লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ

নারায়ণগঞ্জের ফতুল্লার কুখ্যাত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপ’-এর প্রধান, ১৫ মামলার আসামি ও মাদক সম্রাট সোহেল খন্দকারকে রিভলবার, গুলি ও হিরোইনসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)।

সোমবার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে ও সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ। স্পংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর দিবাগত (বা ১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশন পাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের একটি চৌকস দল।

অভিযানকালে ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানের বরাতে বাহিনীটি জানায়, গ্রেপ্তারকৃত সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল। সে একাধিক গোপন আস্তানা ও স্পট থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে কোটি টাকার হিরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করত। এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতে সে একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে, যাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে নিয়মিত মহড়া এবং চাঁদাবাজি চালাত।

স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় এবং চাঁদা না দিলে হামলা-লুটপাট চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যা চেষ্টা মামলারও অন্যতম আসামি সে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।