প্রতীকী ছবি
বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল (৩৬) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । রোববার (১১ অক্টোবর) দুপুরে নিহত রাসেলের বড় ভাই মামুন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১০)২৬। মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়। গত শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশের আয়াত আলী মোল্লার বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহাম্মদ মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

