মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে বিএনপির নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৯, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩০, ৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে বিএনপির নেতাকর্মীরা

সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষ ও সাম্প্রতিক বিক্ষোভ-অবরোধের ঘটনাকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের  ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

শ্রমিকেরা খেটে খাওয়া মানুষ উল্লেখ করে তিনি বলেন, তাদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে তারা আশা করছেন। জনপ্রতিনিধি হিসেবে গতকাল থেকেই তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন, যাতে কোনো পক্ষ গার্মেন্টস কারখানার ক্ষতি করতে না পারে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, তারা কোনো মালিকের পক্ষ নিয়ে অবস্থান নেননি, বরং শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই তাদের লক্ষ্য। 

তার অভিযোগ, শ্রমিকের ছদ্মবেশে কিছু ব্যক্তি গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

এর আগে সোমবার (২ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানা ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা বলে জানিয়েছেন দলটির নেতারা।