ফাইল ছবি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে ভোটার, আজীবন সদস্য, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নির্বাচনে তিনি ২১৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় রেজা রিপন বলেন, রেড ক্রিসেন্টের সম্মানিত ভোটার ও আজীবন সদস্য, বিএনপির সকল স্তরের নেতাকর্মী, সংবাদকর্মী এবং আমার শুভানুধ্যায়ীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, মানুষের সেবা ও কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। মানবিক কাজে মানুষের পাশে থেকে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রমে নিজের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভূমিকা রাখতে চাই।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনের আগেই সহসভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট মো. নবী হোসেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে ৯৯৭ জন আজীবন সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও ভোটাধিকার প্রয়োগ করেন ৩৩৯ জন যার মধ্যে একটি ভোট বাতিল হয়।

