সেমিনার
নয় থেকে পনেরো বছর বয়সী কন্যা শিশু ও কিশোরীদের জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করতে নারায়ণগঞ্জ নগরীর বিদ্যানিকেতন হাই স্কুলে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাও দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, আলোর পথযাত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া পারভীন লিপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার চিকিৎসক নাফিয়া ইসলাম, কিশোরীদের ক্যান্সার নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান আলোর পথযাত্রীর চেয়ারম্যান ড. সাদিয়া আফরোজ মুক্তি, এলাইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক বদরুদ্দোজা এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক পরিবর্তন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। এ বিষয়ে মায়েদেরও সচেতন হতে হবে এবং মেয়েদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দিতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেক্রেটারি লায়ন মিল্লাত হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ।
সেমিনার শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে ৯ থেকে ১১ বছর বয়সী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা দেওয়া হয়।

