ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে মাদক মামলার ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ২ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন,সোনারগাঁর সিংলাবো এলাকার মো. সাদিকুল ইসলাম শুভ (২৩), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোছাঃ ফাতেমা (৪৫) ও মোছাঃ খালেদা (৩৩) এবং টেকনাফের মো. আয়াছ (২৫)। এছাড়া মাদক সেবনের অপরাধে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।
ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁর কাঁচপুর এলাকার মো. সুমন (২৬) ও পিরোজপুরের গোলজার হোসেন (৪২)। পাশাপাশি ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় উপজেলার মহেশ্বরদী এলাকার আবু খায়ের (৩০) ও মো. দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

