রোববার, ০১ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রেড ক্রিসেন্ট নির্বাচনে খোরশেদের অবিস্মরণীয় জয়, সর্বোচ্চ ২৯৯ ভোটে প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্ট নির্বাচনে খোরশেদের অবিস্মরণীয় জয়, সর্বোচ্চ ২৯৯ ভোটে প্রথম

ফাইল ছবি

মানুষের পাশে থাকা, বিপদে-আপদে ছুটে যাওয়া আর মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে তাঁর এই জয়কে অনেকেই দেখছেন মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে।

শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে খোরশেদ সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী জাকির হোসেন পেয়েছেন ২৮১ ভোট। নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট পেয়ে তৃতীয়, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট পেয়ে চতুর্থ এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

খোরশেদের এই বিজয়কে কেবল একটি নির্বাচনী ফলাফল হিসেবে দেখছেন না তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। বিশেষ করে করোনাকালে যখন ভয় ও অনিশ্চয়তায় মানুষ ঘরবন্দি, স্বজনরাও অনেক ক্ষেত্রে অসহায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। করোনা আক্রান্তদের সহায়তা, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারসহ নানা মানবিক উদ্যোগে তাঁর ভূমিকা তাঁকে ‘করোনা যোদ্ধা’ হিসেবে পরিচিতি এনে দেয়।

শুধু করোনা মহামারির সময়ই নয়, মানুষের ব্যক্তিগত ও সামাজিক নানা সংকটেও তাঁকে পাশে পেয়েছেন অনেকে। কারও বিপদ, অসুস্থতা কিংবা জরুরি প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আলাদা আস্থা তৈরি হয়েছে। জনপ্রতিনিধির দায়িত্বে থাকাকালীনও এলাকার মানুষের সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে তাঁকে সরব থাকতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের রাজনীতি ও সামাজিক অঙ্গনে নানা পরিবর্তন এলেও খোরশেদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা এখনো ফুরিয়ে যায়নি। একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ও মানবিক নগরীর স্বপ্ন দেখেন নগরবাসীর অনেকে। সেই স্বপ্ন বাস্তবায়নে খোরশেদের মতো মানুষের ভূমিকা দেখতে চান তাঁরা। রেড ক্রিসেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোটে তাঁর জয় সেই প্রত্যাশা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতারই একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সরাসরি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে ৯৯৭ জন আজীবন সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তাঁদের মধ্যে ৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

মানুষের পাশে থাকার দীর্ঘ অভিজ্ঞতা আর জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই খোরশেদের এই জয়কে দেখছেন তাঁর অনুসারীরা। তাঁদের প্রত্যাশা, রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠানের কার্যক্রমেও তাঁর অভিজ্ঞতা ও মানবিক উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে।