ফাইল ছবি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করীম খান রেজাকে ৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) ভোট কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ৩৩৮টি ভোটের মধ্যে টিপু পেয়েছেন ১৮৪ ভোট। অন্যদিকে রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলো। নির্বাচনে ইউনিটের ৯৯৭ জন আজীবন সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তাঁদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৩৮ জন।
প্রথমবারের মতো এমন নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও উত্তেজনা দেখা যায়। প্রার্থীদের সমর্থনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিশেষ করে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের উৎসাহ দিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল।
নির্বাচন পরিচালনায় চার সদস্যের কমিশনে ছিলেন অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।

