সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ৯ নভেম্বর ২০২৬

হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাফি আলোচিত পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে।

স্থানীয় পরিবহন খাতে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হাজী রিপনের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামতলায় অভিযান চালিয়ে রাফিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।