সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাকে ভুল লোক বললেন মাসুদুজ্জামান?

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৮, ৯ নভেম্বর ২০২৬

কাকে ভুল লোক বললেন মাসুদুজ্জামান?

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বিএনপি নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘ভুল লোক ভুল জায়গায় গেলে অতি সাধারণ আমরা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই’—এমন মন্তব্য করে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে কৌতূহল তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাসুদুজ্জামান লিখেছেন, ‘ভুল লোক ভুল জায়গায় গেলে অতি সাধারণ আমরা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই!!!! মনে রাখবেন ইতিহাস কী বলে???? অবশ্য আপনি বুঝবেন না—আপনার জ্ঞানের সীমাবদ্ধতা লক্ষ্য করলাম। বাট আমি শুধু একটা বিষয়ে বলতে পারি, সবার আগে বাংলাদেশ। আমি বলেই যাব ইনশাআল্লাহ। আমার জাতীয়তাবাদী দল এবং দেশবাসীও আমার পক্ষে থাকবে আশা করি।’

তাঁর এই বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি। ফলে ‘ভুল লোক’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, কোন পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন কিংবা কার উদ্দেশে এমন মন্তব্য করেছেন—তা নিয়ে নানা আলোচনা চলছে।

এর আগে গত ৫ নভেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় আসেন মাসুদুজ্জামান। সেখানে তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিনের অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এসব খাতে অর্থ ব্যয় না করতে হলে শ্রমিকদের মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাসুদুজ্জামানের বক্তব্যের ব্যাখ্যা চান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ব্যবসায়ীদের কাছ থেকে কারা অর্থ দাবি করেন, তা সুনির্দিষ্টভাবে প্রকাশ করার আহ্বান জানান তিনি। 

আজাদ বলেন, কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে নাম উল্লেখ করতে হবে, ব্যবস্থা নেওয়া হবে।