সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩২, ৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঁচতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

প্রথমে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঁচতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা গেলে তারা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। শিক্ষার মানোন্নয়নে চলতি মাসের মধ্যেই বিদ্যালয় ভবন রং করার উদ্যোগ নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

পরে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইসমাইল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য কয়েকজন শিক্ষার্থীর হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন। পরে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।