সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৬ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৬ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

চাষাঢ়া, নারায়ণগঞ্জ

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সব মিলিয়ে ৩৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

সোমবার (৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি দায়িত্ব পালন করছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।