ফাইল ছবি
জাপানে শুল্ক ফাঁকি দিয়ে সোনা ও স্বর্ণালংকার প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় তাঁর সঙ্গে জাপানের গুনমা প্রিফেকচারের ওতা শহরের এক বাসিন্দাকেও আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়। দেশটির সংবাদমাধ্যম টিবিএস গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম ‘আলি ফাজার’ (৬১) উল্লেখ করেছে। অপর ব্যক্তি কোইচি তানাকা (৬৩)।
পুলিশের বরাতে এফএম গুনমা জানিয়েছে, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে জাপানে প্রবেশের সময় তানাকার পোশাকের পকেটে সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী পাওয়া যায়। এসব সামগ্রী শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ১ দশমিক ৮ কেজি, যার বাজারমূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।
জাপান পুলিশের ধারণা, এভাবে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগকর ফাঁকির চেষ্টা করা হয়েছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ফজর আলী ও তানাকা পৃথকভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। গুনমা প্রিফেকচারের বিভিন্ন দোকানে সোনা বিক্রির সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাপানে প্রবেশের আগে ও পরে তাঁদের নিয়মিত যোগাযোগ ও সাক্ষাতের তথ্যও তদন্তে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পুলিশের কাছে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং ফজর আলী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগের বিষয়ে তানাকার বক্তব্য, কর ফাঁকি দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। অন্যদিকে ফজর আলী দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তাঁর ভাই ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফজর আলী আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হামলার অভিযোগে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

