ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলে সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। তবে আয়োজক কমিটির দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং এতে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই।
আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পর থেকেই স্থানীয় বিভিন্ন মহলে তাঁর আগমন নিয়ে আপত্তি ও আলোচনা শুরু হয়।
শনিবার (১৪ নভেম্বর) লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় এ বিষয়ে বৈঠক করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা।
বৈঠকে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী মুফতি আমির হামজাকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে বলেন, তিনি ধর্মের অপব্যাখ্যা করেন। জাতীয় মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে বিষোদগার করেছেন।
জাকির হোসাইন বলেন, তাঁরা মাহফিল আয়োজনের বিরোধী নন তবে বিতর্কিত কোনো বক্তাকে মেনে নেবেন না। আমির হামজার বক্তব্যে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন বলেন, মাহফিলের পোস্টারে অতিথি হিসেবে কয়েকজনের নাম ব্যবহার করা হলেও তাদের সবার অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া এভাবে নাম ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ কারণে তাকে বন্দরে আসতে দেওয়া হবে না।
তবে আয়োজকদের পক্ষ থেকে মাওলানা আবু আবদুল্লাহ বলেন, পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠান ঘিরে শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা বিরোধিতা করছেন, তারা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, মাহফিল আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

