ফাইল ছবি
নারায়ণগঞ্জের বক্তাবলীতে ‘লেংটার মেলা’ ঘিরে বিরোধের মধ্যে স্থানীয় ধর্মীয় নেতাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেছেন, বক্তাবলীতে আর কোনো অসামাজিক কার্যকলাপ হতে দেওয়া হবে না। এ বিষয়ে ধর্মীয় নেতাদের আন্দোলনে রাজনৈতিক নেতারা পাশে থাকবেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতাও দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গ্রামের আমজাদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মামুন মাহমুদ। ‘মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক প্রতিরোধ ও উত্তরণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয় লেংটার মেলা বন্ধের দাবিকে সামনে রেখে। এতে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় মামুন মাহমুদ বলেন, বক্তাবলীতে অসামাজিক কার্যকলাপ বন্ধে ইমাম ও ধর্মীয় নেতারা যে উদ্যোগ নিয়েছেন, তাতে তার সমর্থন রয়েছে। তাদের আন্দোলনে প্রয়োজনে নিজে এবং দলের নেতাদের নিয়ে অংশ নেয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমামরা যে কথা বলেন, তা আল্লাহর কথা। তাই অসামাজিক কার্যকলাপ বন্ধের আন্দোলন থেকে তাদের পিছিয়ে আসার সুযোগ নেই। ইমামদের নেতৃত্বে আন্দোলন এগিয়ে যাবে, আর রাজনৈতিক নেতারা তাদের পাশে থাকবেন।
মাদক, কিশোর গ্যাং, অসামাজিক কর্মকাণ্ড এবং ইসলামের নামে ভণ্ডামি বন্ধের আহ্বান জানিয়ে মামুন মাহমুদ বলেন, প্রয়োজন হলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে। আন্দোলনকারীদের প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
তবে বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান জানতে অধ্যাপক মামুন মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
প্রসঙ্গত, প্রয়াত পীর ও সাধক হযরত শাহ সোলায়মান (র.) ওরফে ‘লেংটা বাবা’র মাজার চাঁদপুরের বেলতলীতে অবস্থিত। নারায়ণগঞ্জের বক্তাবলীর রাধানগর গ্রামে তার শ্বশুরবাড়ি হওয়ায় কয়েক দশক ধরে সেখানেও তার ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরশ উপলক্ষে বসে ‘লেংটার মেলা’। তবে গত কয়েক বছর ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আপত্তির কারণে আয়োজনটি বাধার মুখে পড়ছে। গত দুই বছর ওরশ অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন মাজারের খাদেম।
হযরত শাহ সোলায়মান লেংটার পঞ্চম বংশধর ও মাজারের খাদেম শাহ আমজাদ হোসেন অভিযোগ করেন, একটি পক্ষ এ বছরও ওরশ ও মেলা আয়োজন বন্ধের চেষ্টা করছে। শনিবারের সভাটিও মেলা বন্ধের উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে তারা আতঙ্কে রয়েছেন বলেও জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। সভাপতিত্ব করেন মাওলানা বিল্লাল হোসেন।

