রোববার, ১৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২০, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৭, ১৫ নভেম্বর ২০২৬

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে

ফাইল ছবি

বাংলাদেশকে শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাকশিল্পে শক্তিশালী সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে দেশের রপ্তানি খাতকে আরও সম্প্রসারণ করতে হলে পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নতুন খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এবারের গ্লোবাল সোর্সিং এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দ্বিতীয়বারের এ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, প্রদর্শনীর স্টল এবং আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বেড়েছে। এ ধরনের আয়োজন দেশের রপ্তানি সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
‎