ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় আয়নাল স্টোরের মালিক ওমর ফারুক (২০) এবং সাইফুল স্টোরের মালিক সাইফুল (৩০)-কে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আইনের ৩৮ ধারায় বলা হয়েছে, কোনো দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে প্রদর্শন না করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অর্থাৎ, ক্রেতারা যাতে সহজেই পণ্যের দাম জানতে পারেন এবং কেনাকাটার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার না হন, সে জন্য দোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

