রোববার, ১৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অবৈধভাবে হাসপাতাল চালু রাখতে ১৪ মালিকের দৌড়ঝাঁপ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ১৫ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে অবৈধভাবে হাসপাতাল চালু রাখতে ১৪ মালিকের দৌড়ঝাঁপ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লাইসেন্স নবায়ন না থাকলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম চালু রাখার চেষ্টা করছেন মালিকদের একাংশ। প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স হালনাগাদ না করেই ব্যবসা অব্যাহত রাখতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির চালাচ্ছেন সংশ্লিষ্ট মালিকেরা। উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত ১৯টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন না থাকার তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান রয়েছে। তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও সেগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। নিয়ম অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকদের কেউ কেউ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তদবির করছেন। প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করেই কীভাবে হাসপাতালের কার্যক্রম চালু রাখা যায়, সে বিষয়ে তারা তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। 

এদিকে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। এ আদেশ অমান্য করলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় লাইসেন্সের সর্বশেষ নবায়নের বছর হিসেবে উল্লেখ রয়েছে—এ টু জেড ডিজিটাল হাসপাতাল ২০২৩-২৪, আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ২০২০-২১, মা ও শিশু হাসপাতাল ২০২১-২২, সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ২০২৩-২৪, ফয়সাল হাসপাতাল ২০২৩-২৪, হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল ২০২২-২৩, জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব ২০২২-২৩, নুরজাহান হাসপাতাল ২০২৩-২৪, পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক ২০২৩-২৪, প্রবাসী হাসপাতাল ২০২৪-২৫ এবং কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার ২০২৩-২৪।

এ ছাড়া তালিকায় আড়াইহাজার পপুলার হাসপাতাল ও আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতালের নাম রয়েছে। তবে সরবরাহ করা তালিকায় এসব প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর উল্লেখ নেই।

অন্যদিকে, আড়াইহাজার উপজেলা এলাকায় প্রবাসী কল্যাণ হাসপাতাল নামে আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্স বা অনুমোদনের তথ্য সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় পাওয়া যায়নি বলে জানা গেছে। সম্প্রতি হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে আসে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সরকারি বিধিবিধান অনুসরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিবিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন অথবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

আরো পড়ুন