রোববার, ১৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: সুস্থ হয়ে উঠছেন আইসিইউতে থাকা দুই শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ১৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: সুস্থ হয়ে উঠছেন আইসিইউতে থাকা দুই শিক্ষার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি থাকা সর্বশেষ দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি হয়েছে। তাঁদের একজনকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে হাসপাতালের এইচডিইউতে নেওয়া হয়েছে। অন্যজনকে স্থানান্তর করা হয়েছে সাধারণ ওয়ার্ডে। এর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন সব শিক্ষার্থীর অবস্থার উন্নতি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, আইসিইউতে থাকা শিক্ষার্থীদের মধ্যে একজন মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে সফলভাবে ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। বর্তমানে তাঁর অক্সিজেন সাপোর্টেরও প্রয়োজন হচ্ছে না। পরে তাঁকে পুরুষদের এইচডিইউতে স্থানান্তর করা হয়।

অন্য শিক্ষার্থীর অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। এই দুজন ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ আর কোনো শিক্ষার্থী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদ্রাসায় আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ ৯৪ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাঁদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসা শেষে পর্যায়ক্রমে ৯২ জন হাসপাতাল ছেড়েছেন। গুরুতর অবস্থায় আইসিইউতে থাকা বাকি দুই শিক্ষার্থীও এখন সুস্থতার পথে।

গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে ভবনের পাঠাগার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও শ্বাসকষ্ট দেখা দেয়।

মাদ্রাসাটিতে প্রায় এক হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থী রয়েছে। অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের মধ্য থেকে ৯৪ জনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল।
‎

আরো পড়ুন