এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি হোক বা অন্য দল হোক। আইন সবার জন্য সমান। বিএনপি বলে পার পাবেন না। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। আমরা চাই না বিএনপির কোন নেতাকর্মী এধরণের অপরাধে লিপ্ত হয়ে কারাবরণ করুক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কে চাঁদাবাজি করেছেন, কে মাদক ব্যবসা করেছেন ভূমিদস্যুতা করেছেন এটা এমপি সাহেবের কাছে আসে আমাদের কাছেও আসে। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। কিছুদিনের মধ্যে সরকারের পক্ষ থেকে সাড়াশি অভিযান হবে। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এগুলোর সাথে জড়িত হবেন না।
তিনি বলেন, আমি বলেছিলাম কোন কোন জায়গায় কাজ করতে হবে আমাকে লিস্ট দেন। তিনি লিস্ট দিয়েছেন। তার লিস্ট দেখেই আমার মনে হয়েছে উনি জনপ্রতিনিধি। তিনি আমাকে ৫৮টি প্রজেক্টের লিস্ট দিয়েছে। এই ৫৮টি প্রজেক্ট ইনশাআল্লাহ আমি করবো। বন্দরের আনাচে কানাচে যেখানে যা দরকার তার লিস্ট তিনি দিয়েছেন।
তিনি বলেন, বন্দরের মানুষের কষ্ট এমপি সাহেব লাঘব করতে চায়। এই কষ্ট আমরা লাঘব করতে চাই। আমরা বলতে চাই পাঁচ নং ঘাট হয়ে যে ব্রিজটি হচ্ছে সেটা হবে এবং এটা হওয়ার পরে এমপি সাহেব এবং আমরা চেষ্টা করছি নবীগঞ্জ টু হাজীগঞ্জ যে খালেদা জিয়া ব্রিজ সেই ব্রিজও আমরা করবো।

