শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মান্নান এমপি হলে সোনারগাঁবাসী লজ্জিত হবে: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

মান্নান এমপি হলে সোনারগাঁবাসী লজ্জিত হবে: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

সোনারগাঁয়ের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় নিজেকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁয়ের বারদী মডেল পাড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “নির্বাচনি এলাকা পুনর্নির্ধারণের ফলে আমি সোনারগাঁয়ের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমার তো ফতুল্লা থেকে নির্বাচন করার কথা ছিল। কিন্তু এখানকার শিক্ষিত ও সচেতন মানুষ আমাকে অনুরোধ করেছেন। তাঁরা বলেছেন, বিএনপি থেকে এমন একজনকে (আজহারুল ইসলাম মান্নান) মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি এমপি হলে সোনারগাঁবাসীর লজ্জা ঢাকার জায়গা থাকবে না। তাঁর সর্বোচ্চ যোগ্যতা হতে পারে ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যান; এর বেশি কিছু হলে সেটি হবে সোনারগাঁর জন্য লজ্জার। মানুষের সেই আবদার রাখতেই আমি প্রার্থী হয়েছি।”

উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আপনারা সিদ্ধিরগঞ্জে গিয়ে দেখুন, সেখানে কোনো রাস্তাঘাটের সমস্যা নেই, জলাবদ্ধতা নেই। প্রতিটি অলিগলিতে কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কিন্তু সোনারগাঁর মানুষ এখনো অনেক কষ্টে আছে। আমি নির্বাচিত হলে আমার প্রধান দায়িত্ব হবে অবহেলিত সোনারগাঁকে সিদ্ধিরগঞ্জের মতো আধুনিক করে গড়ে তোলা।”

নিজের গণসংযোগের অভিজ্ঞতা জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, “আমি যেখানেই যাচ্ছি, মানুষ আমাকে আপন করে নিচ্ছে। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন ১২ ফেব্রুয়ারি ‘ফুটবল’ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। অনেকে নিজের পকেটের টাকা খরচ করে আমার জন্য প্রচারণা চালাচ্ছেন। সোনারগাঁর যে গৌরবময় ইতিহাস সারা বিশ্বে প্রচলিত, নির্বাচিত হলে আমি সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব।

বারদী মডেল পাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা এ সময় উপস্থিত ছিলেন। সভায় গিয়াসউদ্দিনকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।