ভ্রাম্যমাণ ক্যারাভ্যান কর্মসূচি শুরু
নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ভ্রাম্যমাণ ক্যারাভ্যান কর্মসূচি শুরু হয়েছে।
সাধারণ ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কার বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে ক্যারাভ্যানটির উদ্বোধন করা হয়। জুলাই আন্দোলনের শহিদ আবুল হাসানের পিতা জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।
ক্যারাভ্যানে স্থাপিত এলইডি স্ক্রিনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে গণভোট কেন গুরুত্বপূর্ণ, তা তুলে ধরা হয়। ক্যারাভ্যানে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহও প্রদর্শিত হচ্ছে, যা অনেকের আগ্রহ কেড়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের গণভোট অ্যাম্বাসেডর নিরব রায়হান জানান, সদর ও বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা কার্যক্রম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, সরাসরি মানুষের কাছে গিয়ে বোঝানোর মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ স্বজনের ভাই মো. অনিক, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার জ্যেষ্ঠ সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসাইন অন্তু, হাবিব উল্লাহ হাবীব, যুগ্ম সদস্য সচিব মো. আল হাসান, ফাতেমা আখি এবং যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।
শহীদ আবুল হাসানের ভাই মো. অনিক বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট জরুরি। এতে করে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।
গণভোটের অ্যাম্বাসেডর নিরব রায়হান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা ও ২০২৪ সালের আন্দোলনের চেতনা ধারণ করে একটি সংস্কারভিত্তিক বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। তিনি আরও বলেন, দেশজুড়ে জনমত গড়ে তুলতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।

