বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষা ও যোগ্যতা টাকার কাছে মার খেয়েছে: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষা ও যোগ্যতা টাকার কাছে মার খেয়েছে: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, রাজনীতিতে এখন নীতি ও শিক্ষার চেয়ে টাকার দাপট বড় হয়ে দাঁড়িয়েছে। ৫ আগস্টের পর যারা লুটতরাজ ও দখলদারিত্বে মেতে ছিল, তারাই আজ টাকার জোরে মনোনয়ন কিনেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর এই জনসভায় গিয়াসউদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা নিজেরা পড়াশোনা না জানলেও সন্তানদের স্কুল-কলেজে পাঠান। কারণ আপনারা জানেন, শিক্ষা ছাড়া এই বিশ্বে চলা অসম্ভব। এখন আপনারা যদি অশিক্ষিত মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তবে আপনাদের সন্তানরা কার কাছে গিয়ে শিক্ষার প্রেরণা পাবে? যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে পাশ না করালে সমাজ কখনো এগোতে পারবে না।”
বিএনপি মনোনিত প্রার্থীর নাম উল্লেখ না করে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি থেকে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কেবল নিজের নামটুকু লিখতে শিখেছেন। এই আসনে আমরা সাতজন এমএ পাশ যোগ্য প্রার্থী ছিলাম। আমাদের যোগ্যতার অভাব কোথায় ছিল? আমাদের অভাব ছিল এক জায়গায় আমরা ৫ আগস্টের পর লুটতরাজ করিনি, কারখানা দখল করিনি কিংবা মাদক ব্যবসা বা মামলা বাণিজ্য করিনি। যারা এসব অপকর্মের টাকা দিয়ে মনোনয়ন কিনেছে, সেই টাকাই আজ তাদের শক্তি। সেখানে শিক্ষা ও যোগ্যতা টাকার কাছে মার খেয়েছে।”
গিয়াসউদ্দিন ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, “টাকাওয়ালা মানুষ টাকা দিয়ে নির্বাচন করতে চাইবে, কিন্তু ভোট আপনার আমানত। আপনারা ভোট যাকেই দেন, অন্তত যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে দিন। যারা গত কয়েক মাসে মানুষের জমি ও শিল্প প্রতিষ্ঠান দখল করেছে, তাদের প্রত্যাখান করার সময় এসেছে। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা এর উপযুক্ত জবাব দেবেন।”
এদিন বিকেলে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন সাদিপুর এলাকায় পৌঁছালে হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে। ‘ফুটবল’ প্রতীকের সমর্থনে সাধারণ মানুষের ভালোবাসা ও গগনবিদারী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে গিয়াসউদ্দিন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।