ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লেইস (LACE) প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নেন।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়।
এ উপলক্ষে প্রথমে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা তিন ধরনের গাছ লাগাচ্ছি ফলজ, বনজ ও ঔষধি গাছ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। একটি গাছ বড় হয়ে ওঠার পেছনে যত্নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর বেপারী, শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরত রেবেকা প্রমুখ।

