অ্যাডভোকেট আবুল কালাম
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেছেন, শিক্ষাজীবনে মানবিক গুণাবলি অর্জন করতে না পারলে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ জুন) নারায়ণগঞ্জের আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধের বিকাশও সমানভাবে প্রয়োজন। শিক্ষাজীবনে মানবিক গুণাবলি অর্জন করতে না পারলে আগামী দিনে সমাজে আমাদের অবদানও থাকবে না এবং সমাজকেও কিছু দিতে পারব না। তাই সুশিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগের তুলনায় এখন শিক্ষা অনেক বেশি বিজ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯১১ সালে কলকাতায় মাত্র আটজন ছাত্রী নিয়ে নারী শিক্ষার প্রসারে যে যাত্রা শুরু করেছিলেন, তা আজকের নারী জাগরণের ভিত্তি তৈরি করেছে। নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার সংগ্রামে শিক্ষার বিকল্প নেই।
আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার দিন প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় সকল উপকরণ সঙ্গে রাখতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার এবং নারায়ণগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

