বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

|

আষাঢ় ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে রিপন হত্যা মামলার আসামি আমজাদ হোসেন গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৫, ২৫ জুন ২০২৬

আড়াইহাজারে রিপন হত্যা মামলার আসামি আমজাদ হোসেন গ্রেপ্তার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আমজাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৮নং আসামি। সে খালিয়ারচর গ্রামের কামাল হোসেনের ছেলে।

দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় গতবছর ২৫ জুলাই গভীর রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। দীর্ঘ এক মাস ২২ দিন ঢাকা মেডিকেলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা করার পরও ঐ বছরের ১৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরে ১৭ সেপ্টেম্বর রিপনের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিহত রিপন মিয়া খালিয়ারচর গ্রামের মৃত রওশন আলীর ছেলে। নিহতের স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমার স্বামীর কাছে সেন্টু মিয়া , রিজভী, পিয়ার আলী, আউয়ালের নেতৃত্বে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারায় আমার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই ২০২৫ খ্রি. তারিখ রাত আড়াইটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁতপেতে থাকা আসামিরা আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অবস্থা খারাপ হওয়ায় দীর্ঘদিন ঢাকা মেডিকেলে আইসিইউতে রেখে চিকিৎসা করা অবস্থায় মারা যান।

গ্রেপ্তার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রিপন হত্যার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান করেছেন।