ফাইল ছবি
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের নেতৃবৃন্দ। বুধবার নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে সংগঠনের তরুণ প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্বকাল যেন নারায়ণগঞ্জবাসীর জন্য কল্যাণকর ও উন্নয়নমূলক হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসান বলেন, মাসুকুল ইসলাম রাজীবের মতো একজন দক্ষ ও দূরদর্শী ব্যক্তি এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। নারায়ণগঞ্জ একটি ক্রমবর্ধমান শহর, যেখানে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে নগরীর সৌন্দর্য বৃদ্ধি, যানজট নিরসন এবং পরিকল্পিত নগরায়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে। তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমাদের যে কোনো গঠনমূলক সহযোগিতার হাত সব সময় এনডিএ-এর সাথে থাকবে।
নতুন চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব তরুণদের এই উদ্যোগ ও শুভেচ্ছার প্রশংসা করেন। তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। শহরের উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাশক্তি এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
শুভেচ্ছা বিনিময়কালে ইয়ুথ সার্কেলের কার্যক্রম এবং শহরের সমসাময়িক উন্নয়ন ভাবনা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন নেতারা। তারা নারায়ণগঞ্জকে আধুনিকায়ন করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মাহফুজ হোসাইন জিশাদ, খন্দকার জাহিদ, সাকিব গাজী, আব্দুল্লাহ আল মারুফ, শরৎ সাহা, অনুতম, ইমন, সজীব ও শাহ পরান প্রমূখ।
সাক্ষাৎ শেষে তরুণ প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

