শনিবার, ২৭ জুন ২০২৬

|

আষাঢ় ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক, কিশোর গ্যাং  প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৬, ২৭ জুন ২০২৬

মাদক, কিশোর গ্যাং  প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। 

তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে একথা জানান আশা।

এসময় তিনি আরও বলেন, আসুন সবাই ঐক্য করি, মাদকমুক্ত সমাজ গড়ি।” একটি নিরাপদ, শান্তিময় ও সুন্দর সমাজ গঠন সবার প্রত্যাশা হলেও বর্তমানে মাদক, কিশোর গ্যাংয়ের সহিংসতা এবং ইভটিজিং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আবুল কাউছার আশা বলেন, আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসন কাজ করছে, কিন্তু আপনাদের তথা সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অন্ধকার দূর করা সম্ভব নয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে। পাশাপাশি তার কার্যালয়ে সংরক্ষিত অভিযোগ বাক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ারও আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তানরা অবসরে কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সেদিকে নজরদারি বাড়াতে হবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

নারীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আবুল কাউছার আশা বলেন, আমাদের মা-বোনদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ইভটিজার বা উত্যক্তকারীকে দেখলে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আপনার একটি সচেতন পদক্ষেপ একটি পরিবারকে রক্ষা করতে পারে, একটি জীবনকে নিরাপদ করতে পারে।

রাজনৈতিক ভিন্নমত থাকলেও সামাজিক নিরাপত্তার প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাজনীতি করি, তাই মতভেদ থাকবেই। তবে দিন শেষে আমরা একই সমাজের বাসিন্দা। আসুন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলি।