সোমবার, ২৯ জুন ২০২৬

|

আষাঢ় ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে ডাকাতি : গুলিবিদ্ধসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৮, ২৯ জুন ২০২৬

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে ডাকাতি : গুলিবিদ্ধসহ আহত ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুল মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে এক যুবক এবং মারধরে এক বৃদ্ধা আহত হন।

রোববার (২৮ জুন) ভোরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি আহত হন।

ঘটনার সময় ডাকাতিতে বাধা দেয়ার চেষ্টা করায় ওই ব্যবসায়ীর মা বিউটি আক্তারকে (৬৫) মারধর করা হয়। আহত দুইজনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ভোর রাতে ধলেশ্বরী নদীপথে ট্রলারযোগে অস্ত্রধারী ১৪ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত তার বাড়িতে আসে। তারা বাড়ির নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সেই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

তিনি আরো জানান, তার মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চেষ্টা করলে ডাকাতরা তাকে মারধর করে বেঁধে রাখে। পরে তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ সময় প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ে। গুলির একটি বল তার কাঁধে বিদ্ধ হয়।

পরে ডাকাতরা লুট করা মালামাল নিয়ে ধলেশ্বরী নদীপথে ট্রলারযোগে পালিয়ে যায়।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গিয়াস উদ্দিনের কাঁধ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে শর্টগানের একটি বল বের করা হয়েছে। এছাড়া মারধরের শিকার বিউটি আক্তারও চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা নদীপথে ট্রলারে করে এসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।