ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় (চট্টগ্রামমুখী লেন) এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলে পালিয়ে যান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মৌচাক ইউটার্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ১২ জনকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় মূল নেতৃত্বদানকারী তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক নেতার সন্ধান ও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া (৮নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা মোঃ সোহাগ (১৯), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮) ও ইমতিয়াজ আহমেদ ইমন (১৮) এবং একই ইউনিয়নের আনিস সরকার (১৮) রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডেমরা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন বাকি ৬ জন। এর মধ্যে তাম্বুরাবাদ এলাকার বাসিন্দা মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ আবির হোসেন (২৭), তাওহিদ ইসলাম (১৮) ও মোঃ সোহেল (১৯) এবং খলাপাড়া এলাকার বাসিন্দা আবিদ (১৮) ও মোঃ রিয়াদ (১৮) রয়েছেন।

